বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণ, অস্ত্রের মুখে টাকা নিয়ে নামানো হয় ৪৫ কিলোমিটার দূরে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক (সোহেল) ক্যাম্পাস থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কারে করে এসে চারজন দুর্বৃত্ত আবদুর রাজ্জাককে জোরপূর্বক তুলে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষকের সঙ্গে থাকা টাকা কেড়ে নেওয়া হয়।
গত বুধবার বেলা আড়াইটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর একই দিন বিকেল পাঁচটার দিকে আবদুর রাজ্জাককে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দাউদকান্দির শহীদনগর এলাকায় ফেলে যাওয়া হয়। দুর্বৃত্তরা টাকা, মুঠোফোন ছাড়াও ওই শিক্ষককে জিম্মি করে তাঁর এটিএম কার্ড দিয়েও টাকা লুটে নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিক্ষক আবদুর রাজ্জাক কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাত চারজন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলা করার পরই বিষয়টি জানাজানি হয়। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে।
আজ দুপুরে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘বুধবার দুপুরে এক সহকর্মীর প্রাইভেট কারে করে আমি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যাই। সেখান থেকে মহাসড়কে দাঁড়িয়ে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলাম। এ সময় একটি প্রাইভেট কার এসে থামে আমার সামনে। গাড়িতে থাকা একজন আমাকে জিজ্ঞাসা করে, উবার কল করেছি কি না। আমি করিনি বলে জানাই। ওই ব্যক্তি জানান, অ্যাপে নাকি আমার ছবি দেখা যাচ্ছে। এ কথার মধ্যেই বেলা আনুমানিক আড়াইটার সময় প্রাইভেট কারে থাকা লোকজন আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকার দিকে নিয়ে যেতে থাকে। কুমিল্লা সেনানিবাস পার হওয়ার পর তারা আমার চোখ–হাত-পা বেঁধে ফেলে।’