ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মাহমুদুর রহমান বলেন, গত রাত দেড়টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবির ও ছাত্রদলের ৮/৯ জন ছাত্র আহত হয়। সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের অগ্রণী ভূমিকা ছিল।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের অনুমান ১৫০/২০০ জন ছাত্র সাতরাস্তা থেকে একটি মিছিলসহকারে হেঁটে ইনস্টিটিউটের দক্ষিণ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা ছাত্রশিবিরের হামলার সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।