শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি বকেয়া বেতন সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী নিজেই।
সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।