রেজিস্ট্রেশন কার্ডে ভুল, ৩৮ হাজার ‘ফিমেল’ ছাত্র
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১৪:১০
বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’(ফিমেল) হিসেবে উল্লেখ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতা এবং প্রোগ্রাম সেটিংসজনিত সমস্যার কারণে এ ভুল হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম। তিনি বলেন, কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এ ধরনের ত্রুটি ঘটেছে। তবে পরীক্ষা শুরুর আগেই ভুলটি ধরা পড়ায় সংশোধন করা এখন সহজ হয়েছে। শিক্ষার্থীদের কোনো হয়রানি ছাড়া আমরা বিনামূল্যে সংশোধন করে দিচ্ছি। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই দ্রুত সমাধান দেওয়া হচ্ছে।