জামায়াত কাউকে ভয় পায় না, বিএনপিকে উদ্দেশ করে আজহার
বিএনপি ক্ষমতায় এসেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর জুলুম শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি,বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করেছে, বিশেষ করে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর জুলুম করা হচ্ছে।
"তাদের বলতে চাই,জামায়াত কাউকে ভয় পায় না; তারা সাহসের সঙ্গে ভয় মোকাবেলা করতে পারে।"
রোববার বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আজহার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকে জামায়াত।
আজহারুল ইসলাম বলেন, “ইরানে যে হামলা হচ্ছে,বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আয়াতুল্লাহ আলি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া যুদ্ধে আরো যারা প্রাণ দিয়েছেন,তাদের মাগফেরাত কামনা করছি।
"জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে, জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি।