হাসপাতাল বা সেবামূলক কাজ থেকে শুরু করে খুচরা দোকানের কর্মী সবার মধ্যেই এখন গ্রাহক সেবায় কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহারের চল রয়েছে, যা নিয়ে ইন্টারনেটে প্রায়ই ব্যঙ্গ হয় যে, এ কণ্ঠস্বর মানুষের আসল কণ্ঠের চেয়ে একেবারেই আলাদা। এবার ফাস্টফুড জায়ান্ট বার্গার কিং এ বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, গ্রাহকসেবায় কর্মীরা কতটা বিনয়ী তা এখন আর কেবল ম্যানেজার নয় বরং পরীক্ষা করবে এআই। বার্গার কিং বলেছে, এআইয়ের সাহায্যে এখন থেকে তারা পরীক্ষা করে দেখবে, কর্মীরা ‘প্লিজ’ ও ‘থ্যাংক ইউ’-এর মতো সৌজন্যমূলক বিভিন্ন শব্দের ব্যবহার করছেন কি না।
বৃহস্পতিবার বার্গার কিং ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্রের শত শত আউটলেটে কর্মীদের হেডসেটের সঙ্গে তারা নতুন এক এআই চ্যাটবট চালু করছে। এ প্ল্যাটফর্মটির নাম ‘বিকে অ্যাসিস্ট্যান্ট’, যা চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রযুক্তিতে তৈরি।
বার্গার কিং তাদের এ ভয়েসচালিত চ্যাটবটটির নাম দিয়েছে ‘প্যাটি’, যা শনাক্ত করবে যে, গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় কর্মীরা নির্দিষ্ট কিছু সৌজন্যমূলক শব্দ, যেমন ‘স্বাগতম’, ‘প্লিজ’ ও ‘ধন্যবাদ’ ব্যবহার করছেন কি না।
বার্গার কিং এক বিবৃতিতে বলেছে, এ উদ্যোগের উদ্দেশ্য তাদের ম্যানেজারদেরকে সেবার মান সম্পর্কে সামগ্রিক ধারণা পেতে সাহায্য করা।