বিপন্ন বিবেক ও আমাদের নির্বাক সমাজ
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক চিন্তাধারার ইতিহাসে অধ্যাপক ড. আবুল বারকাত কেবল একটি নাম নন, বরং এক অবিনাশী আদর্শ ও প্রতিষ্ঠান। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় এ দেশের মাটি ও মানুষের প্রতি নিবিড় দায়বদ্ধতার এক নিরন্তর সংগ্রামের মহাকাব্য। ১৯৫৪ সালের ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার আলো-ছায়া ঘেরা পরিবেশে যে মেধাবী শিশুর জন্ম হয়েছিল, তিনিই যে একদিন এ দেশের কোটি কোটি প্রান্তিক মানুষের ভাগ্যবদলের স্বপ্নসারথি হবেন, তা হয়তো তখন কেউ কল্পনা করেনি।
কুষ্টিয়া জিলা স্কুল ও সরকারি কলেজের পাঠ চুকিয়ে সরকারি মেধাবৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমানোর মাধ্যমেই তাঁর চিন্তার দিগন্ত বিস্তৃত হতে শুরু করে। মস্কোর প্লেখানভ ইউনিভার্সিটি থেকে অর্জিত রাজনৈতিক অর্থনীতির গভীর পাঠই পরবর্তীতে তাঁর কর্মযজ্ঞের মূলমন্ত্রে পরিণত হয়। ড. বারকাতের কাছে অর্থনীতি কেবল শুষ্ক সংখ্যার খেলা কিংবা জিডিপির প্রবৃদ্ধি ছিল না, বরং তা ছিল শোষিতের অধিকার আদায়ের এক শক্তিশালী দর্শন; তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন—যে অর্থনীতি সাধারণ মানুষের চোখের জল মোছাতে পারে না, তার কোনো প্রকৃত সার্থকতা নেই।