সারাদিন রোজা থেকে ইফতারে ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর ও রিফ্রেশিং শরবত পান করুন। এটি আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজন। আর সুস্থ থাকতে ইফতারে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পরিহার করুন। এটি মোটেই ভালো নয়। প্রাকৃতিক ফলের রস কিংবা মধু ব্যবহার করুন, যা আপনার মনমেজাজ ফুরফুরে রাখতে সহায়তা করবে। এটি আপনার শরীরের সুস্থতা ধরে রাখবে।
ইফতারে সরাসরি খুব ঠান্ডা পানি না খেয়ে হালকা ঠান্ডা পানি পান করলে হজমে সুবিধা হয়। আর তাই ইফতারের সময় রোজা খুলতে লেবুর শরবত, বেল, বেদানার শরবত, দুধের শরবত, সাবুদানা কিংবা পুদিনাপাতার শরবত অন্যতম জনপ্রিয়। আপনি চাইলে ঘরে বসেই খুব সহজেই ২ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন এই ঠান্ডা পানীয় শরবত।
চলুন জেনে নেওয়া যাক, জনপ্রিয় ইফতারের কয়েকটি শরবতের রেসিপি—
১. লেবু-আদা শরবত
উপকরণ: ১ গ্লাস ঠান্ডা পানি, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ আদার রস, ২ টেবিল চামচ চিনি (বা স্বাদমতো), ১ চিমটি বিট লবণ ও পুদিনাপাতা। প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বা ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
২. বেলের শরবত
উপকরণ: পেট ঠান্ডা রাখতে পাকা বেল, চিনি কিংবা গুড়, লবণ ও পানি। প্রণালি: বেলের কাঁথ বের করে পানি ও চিনি মিশিয়ে ভালো করে ছেঁকে নিন। এরপর আইস কিউব দিয়ে পরিবেশন করুন।
৩. বেদানার শরবত
উপকরণ:বেদানা, লেবুর রস, বিট লবণ, চিনি ও পানি। প্রণালি: ভিটামিনসমৃদ্ধ বেদানার দানা থেকে রস বের করে (ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন) লেবুর রস, লবণ ও পানি মিশিয়ে পরিবেশন করুন।
৪. লাবান (দইয়ের শরবত)
উপকরণ: ঘন টকদই, পানি, চিনি ও সামান্য লবণ। প্রণালি: ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ফেটিয়ে নিন।