২৭৪ জন আফগান সেনা নিহত ও ৭৩টি চৌকি ধ্বংস, দাবি পাকিস্তানের
পাকিস্তানের সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
পাকিস্তানের দৈনিক ডন জানায়, আজ শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব দাবি করেন।
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।
২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের
আফগানিস্তানে ‘গজব লিল–হক’ অভিযানে এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আজ শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র একথা জানান। খবর আল–জাজিরার।
পাকিস্তান সামরিক বাহিনী ওই মুখপাত্র আরও বলেন, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।
এর আগে আজ সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।
দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া হতাহতের এ সংখ্যার সঙ্গে তালেবান সরকারের তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া গেছে। এর আগে তালেবান বলেছিল, তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংঘর্ষ
- তালেবান নিহত