ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে: নাহিদ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩১

ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা—সেই সবকিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে, তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে।’


এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


নাহিদ বলেন, ‘শপথের প্রথম দিন আমরা দেখলাম, তারা (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁঁরা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল।’

জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি...যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ-অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে।’


নাহিদ বলেন, ‘এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাই নাই। আমরা বলেছি, যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদের আমরা বিচারের আওতায় আনব। বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও