ব্যবসায়ীর গভর্নর হওয়া যখন বিরল ঘটনা
একজন কানাডার নাগরিককে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল ইংল্যান্ড। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন মার্ক কার্নি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সময় পর্যন্ত তিনি ছিলেন ব্যাংক অব কানাডার (কানাডার কেন্দ্রীয় ব্যাংক) গভর্নর। ২০০৭-০৮ সময়ের বিশ্বমন্দা থেকে কানাডাকে সফলভাবে রক্ষা করেছেন বলে মার্ক কার্নির খ্যাতি ছিল। এ কারণেই ব্রিটিশ সরকার তাঁকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর পদে নিয়োগ দেয়। একই ব্যক্তির দুই দেশের গভর্নর হওয়া ইতিহাসে আর নেই। সেই মার্ক কার্নি এখন কানাডার প্রধানমন্ত্রী।
ইংল্যান্ড বা কানাডা অত্যন্ত প্রভাবশালী দেশ। ফলে মার্ক কার্নির নিয়োগ নিয়ে সে সময় তুমুল আলোচনা হয়েছিল। বাংলাদেশ সে তুলনায় ছোট অর্থনীতির দেশ। এ কারণে হয়তো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা কমই হবে। তবে নিঃসন্দেহে বলা যায়, নতুন গভর্নর নিয়োগ নিয়ে দেশের ভেতরেই বড় ধরনের চমক দিয়েছে নতুন বিএনপি সরকার। নতুন গভর্নর মোস্তাকুর রহমান পোশাক ও রিয়েল এস্টেট খাতের একজন ব্যবসায়ী। এর আগে বাংলাদেশে কখনোই কোনো ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি বিশ্বে একজন আপাদমস্তক ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের উদাহরণও বিরল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- গভর্নর
- নতুন গভর্নর