ডিসেম্বরে পুনঃতফসিল হয় গভর্নর মোস্তাকুরের প্রতিষ্ঠানের ৮৯ কোটি টাকার ঋণ

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭

গত ডিসেম্বরেই মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা সোয়েটার্স লিমিটেডের' ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।


আজ বুধবার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতফসিল নীতিমালার আওতায় গত বছরের ডিসেম্বরে ওই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ (কিস্তি স্থগিত রাখার সময়) ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুবিধা দেওয়া হয়েছে।


তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাবাজারে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দা হলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হয়।


যোগাযোগ করা হলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


দ্য ডেইলি স্টারের কাছে আসা একটি নথি থেকে দেখা যায়, হেরা সোয়েটার্স দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরের পুনঃতফসিল সুবিধা এবং কম সুদের হার চেয়েছিল। তবে ব্যাংক শেষ পর্যন্ত সময়সীমা ১০ বছর করার অনুমতি দেয়।


গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কারণে খেলাপি করপোরেট ঋণগ্রহীতাদের ঋণ পুনঃতফসিল করার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে। পরে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সমন্বিত বিশেষ পুনঃতফসিল নীতিমালা জারি করে। 


গত বছরের প্রথম নয় মাসে প্রায় ৩০০টি কোম্পানি (যার মধ্যে বেশ কিছু বড় খেলাপি প্রতিষ্ঠান রয়েছে) প্রায় ২ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিলের আবেদন করেছিল।


উল্লেখ্য, হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাকুর রহমান চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আজ তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও