‘নগদ’ কীভাবে চলবে সিদ্ধান্ত নেবে সরকার: ব্যারিস্টার আরমান
আর্থিক অনিয়ম ও মালিকানা বিতর্কে থাকা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বেসরকারি খাতে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নতুন সরকারের নীতির ওপর। সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে তবেই বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ব্যারিস্টার আরমান বলেন, গভর্নর জানিয়েছেন- নতুন সরকার আসার পর ‘নগদ’ নিয়ে তাদের চূড়ান্ত নীতি এখনো নির্ধারিত হয়নি। যদি সরকার অন্তর্বর্তী সরকারের মতো এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছিল। সে ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নিজের ভূমিকা সম্পর্কে আরমান জানান, তিনি সংসদ সদস্য হিসেবে নয়, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।