গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় সংস্থাটির তিন কর্মকর্তাকে গতকাল সোমবার শোকজ করা হয়। এর পরদিন আজ মঙ্গলবার তাঁদের ঢাকার বাইরে বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।
তাঁদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাকে প্রধান কার্যালয় থেকে বরিশাল অফিস, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহকে রংপুর অফিস এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে বদলি করা হয়। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এক আদেশে এই বদলি করা হয়েছে।
এদিকে মঙ্গলাবার সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শোকজ করার ঘটনা সত্য। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে একটা কমিটি গঠন করবে। কমিটি অভিযুক্তদের বক্তব্য সরাসরি শুনবে। তাদের সেই বক্তব্যও যদি সন্তোষজনক না হয় তাহলে আইনি ধারার সঙ্গে মিলিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে ওই তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। সেদিন থেকে আগামী ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বদলি
- বাংলাদেশ ব্যাংক