সেহরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন সবাই
চট্টগ্রাম নগরীর হালিশহরের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন। এমন দৃশ্যের কথা উঠে এসে এসেছে প্রতিবেশীদের বয়ানে।
এই দুর্ঘটনা ঘটেছে সোমবার ভোর ৪টা ৩১ মিনিটে নগরীর হালিশহর এইচ ব্লকে হালিম মঞ্জিল নামের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে। দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন; তারা সে সময় সেহরি করছিলেন।
দগ্ধরা হলেন- আয়েশা (৪), আনাছ (৭), আইমান (১০), শাওন (১৭), সাখাওয়াত (৪৬), শিপন (৩২), সুমন (৪০), রানী (৪০) ও পাখি (৩৫)।
গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন দেড় বছর আগে। সেখানে তিনি দুই সন্তান, স্ত্রী এবং তার গ্যারেজের এক কর্মচারীসহ পাঁচজন থাকতেন। কদিন আগে তার ছোট ভাই পরিবার নিয়ে তার বাসায় এসেছিলেন ডাক্তার দেখাতে। সাখাওয়াতের গ্যারেজটি হালিশহর এলাকায়।
দগ্ধ নয়জনের সবার অবস্থাই 'আশঙ্কাজনক' বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎকরা। দুর্ঘটনার পরপরই তাদের হাসপাতলে ভর্তি করা হলেও দুপুরে বার্ন ইউনিটের রেজিস্ট্রার আশফাকুল আতিক বলেন, উন্নত চিকিৎসার জন্য ৯ জনকেই ঢাকায় পাঠানো হয়েছে।
ভর্তির পর হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।”
তাদের মধ্যে রানী, পাখি ও সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া শিপনের ৮০, সুমন ও শাওনের ৪৫, আইমান ও আনাছের ২৫, আয়েশার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।