লঙ্কানদের ব্যাটিং ধসিয়ে ইংল্যান্ডের দারুণ জয়
মন্থর উইকেটে এক প্রান্ত ধরে রেখে দলকে টানলেন ফিল সল্ট। তার ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে লড়ার মতো পুঁজি পেল ইংল্যান্ড। কার্যকর ইনিংস খেলা উইল জ্যাকস পরে বল হাতেও ছড়ালেন আলো। তার ছোবলে পাওয়ার প্লেতেই পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে রোববার লঙ্কানদের ৫১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে ইংল্যান্ড। ১৪৬ রান করে স্বাগতিকদের তারা গুটিয়ে দিয়েছে স্রেফ ৯৫ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে ইংল্যান্ডের এটি দ্বিতীয় বড় জয়। ২০১২ সালে কলম্বোতে আফগানিস্তানের বিপক্ষে ১১৬ রানের জয় এই প্রতিযোগিতায় তাদের রেকর্ড।
আর লঙ্কানদের বিপক্ষে এনিয়ে টানা ১২ টি-টোয়েন্টি জিতল ইংল্যান্ড। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একটি দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ১৫ টি-টোয়েন্টি জিতেছিল তারা।
ইংলিশদের এদিনের জয়ে বড় অবদান রাখেন সল্ট। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করে ম্যাচের একমাত্র ফিফটি উপহার দেন তিনি। দুটি ছক্কা ও ছয়টি চারে ৪০ বলে ৬২ রান করেন এই ওপেনার।
তবে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জ্যাকস। চারটি চারে ১৪ বলে গুরুত্বপূর্ণ ২১ রান করা জ্যাকস পরে অফ স্পিনে ২২ রান খরচায় ধরেন তিন শিকার।