শাকিব-সিয়াম ও নিশোরা এগিয়ে, ঈদে জমবে ১৬ সিনেমার লড়াই
প্রতি বছর ঈদ এলেই দেশের চলচ্চিত্র অঙ্গনে যেন আলাদা এক স্রোত বইতে শুরু করে। সারা বছর প্রেক্ষাগৃহে নতুন ছবির আকাল থাকলেও ঈদের সময়টায় নির্মাতা-প্রযোজকদের তৎপরতা চোখে পড়ার মতো। এবার সেই প্রতিযোগিতা আরও তীব্র। রোজার ঈদ সামনে রেখে এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সংখ্যাটা যদি শেষ পর্যন্ত অটুট থাকে, তবে এটি হবে রেকর্ড।
ঈদের বাজার মানেই আলোচনার কেন্দ্রে থাকেন শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন গ্যাংস্টার অবতারে, প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ছবিতে। নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। শুটিং এখনো চলমান, তবু ঈদে মুক্তির ঘোষণায় আগেভাগেই ছবিটিকে আলোচনায় এনে দিয়েছে।
গত ঈদের ধারাবাহিকতায় আবারও বড় পর্দায় আসছেন আফরান নিশো। দম পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। নিশোর সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। বড় ক্যানভাস, আন্তর্জাতিক লোকেশন; সব মিলিয়ে ‘দম’ও ঈদের প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিতে চায়।