যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শুক্রবার বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক ভিত্তিতে তেলের দাম বাড়তে পারে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেরপ্রতি ৩৩ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১.৯৯ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬২ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৭.০৫ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সরবরাহ ঝুঁকি বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ তেলের বাজারকে অস্থির করে তুলেছে।
ইরান তেলসমৃদ্ধ আরব উপদ্বীপের বিপরীতে হরমুজ প্রণালীর ওপারে অবস্থিত। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে এবং দাম আরও বেড়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে সতর্ক করে বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত চুক্তিতে না এলে খুব খারাপ পরিণতি হবে। তিনি ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন।