ট্রাইব্যুনালে বিচারকাজ ‘অবশ্যই’ চলমান থাকবে: প্রধান কৌঁসুলি
বর্তমান প্রসিকিউশন টিম থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে বলেছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, নতুন সরকারের তরফে তাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও বিচারকাজ চলমান রাখার বিষয়ে ‘ইঙ্গিত’ দিয়েছে।
জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে এখন সেই সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের বিচার চলছে।
অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর পর নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে। বুধবার থেকে অফিস শুরু করেছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
বিদায়ের আগের দিন সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যার একাধিক মামলার রায় আসার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে।”