‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ
জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’—যেখানে প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ভিসা জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত—বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।