দক্ষ, শক্তিশালী ও নিরপেক্ষ আমলাতান্ত্রিক কাঠামোতে রূপান্তর এখন সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ
দীর্ঘ দুই দশক পর আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ১৭ ফেব্রুয়ারি ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন।
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভা যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে সচিবালয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ ক্ষেত্রে কাজ শুরু করেছেন। বিষয়টি গুরুত্বপূর্ণ নানা কারণে। এ সরকারের জন্য বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলা অত্যন্ত কঠিন। প্রথমত, রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রশাসন যন্ত্রকে সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন দেশের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র ভীষণ বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনিক কাঠামোর অভ্যন্তরে বহু ফাটল আছে। আমরা দেখছি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোতে বিশৃঙ্খলা আছে। আবার বিচার বিভাগও নানা রকম সমস্যায় ভুগছে।