পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জয়শঙ্করের অভিনন্দন
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁর এই নিয়োগে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন। পারস্পরিক অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমাদের সহযোগিতা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে উন্মুখ।’
এর আগে, বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।