রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের নেতৃত্বে থাকছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার শপথ গ্রহণের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। একই পরিবারের তিন সদস্য রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হওয়ার নজিরে যুক্ত হচ্ছে জিয়া পরিবার।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তাঁর মা খালেদা জিয়া।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকার পরিচালনা করেন তিনি।
বাবা-মায়ের পর এবার সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তিনজন সরকারপ্রধান হওয়ার হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হচ্ছে দ্বিতীয় প্রজন্মের।