জুলাই সনদে স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় যমুনায় যাচ্ছে এনসিপি

প্রথম আলো প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯

জুলাই জাতীয় সনদে অবশেষে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদে সই করার জন্য আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে।


আজ বেলা সোয়া একটার পর এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।


গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ‘না’-এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে ‘হ্যাঁ’। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে।


গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর এখন জুলাই জাতীয় সনদে সই করতে যাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল এনসিপি। দলটি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে সক্রিয় ছিল।


এনসিপির পক্ষ থেকে বার্তায় বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ছয়টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে। প্রতিনিধিদলে থাকবেন দলের কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা।


জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ করতে কমিশন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও