‘সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না’
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬
অভিনয় ছাড়া ইদানীং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সক্রিয় মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে তাঁর উদ্যোগ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে চরকিতে মুক্তি পাওয়া টিফিন বক্স-এও তাঁকে দেখা গেছে। অভিনেত্রীর বর্তমান ব্যস্ততার গল্প শুনেছেন নাজমুল হক
ইনফো-ডকুমেন্টারি সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নিয়েই এখন ব্যস্ত রুকাইয়া জাহান চমক। ইংরেজি ভাষায় তৈরি এ সিরিজে উঠে আসছে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি। সিরিজটির প্রথম মৌসুমে ছিল ১০টি ভিডিও, এখন চলছে দ্বিতীয় মৌসুম। সম্প্রতি এসেছে এই মৌসুমের পঞ্চম পর্ব। এ পর্বের বিষয় কবি কাজী নজরুল ইসলাম। এ ছাড়া এখন পর্যন্ত তাঁর ভিডিওতে ইলিশ, কুমিল্লার খাদি, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের উৎসব ও মেলাসহ ঐতিহ্যবাহী অনেক কিছু উঠে এসেছে।