You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এবং স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবাদী ভিডিওর বিষয়ে মুখ খুলেছেন। 


লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। 

তিনি মন্তব্য করেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা, শিষ্টাচার এবং সৌজন্যবোধ কাজ করত, তা এখন পুরোপুরি হারিয়ে গেছে। তিনি মনে করেন, সাধারণ আমেরিকানরা এই ধরনের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি ‘ভাঁড়ামি’ বা ‘ক্লাউন শো’ চলছে।

বিতর্কিত ওই ভিডিওটি ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল, যেখানে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবির পাশাপাশি ওবামা দম্পতিকে ‘বানর’ হিসেবে চিত্রায়িত করা একটি ক্লিপ যুক্ত ছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

এমনকি রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট এটিকে বর্তমান হোয়াইট হাউসের পক্ষ থেকে করা ‘সবচেয়ে বর্ণবাদী কাজ’ হিসেবে অভিহিত করেন। যদিও হোয়াইট হাউস শুরুতে এটিকে বিরোধীদের ‘ভুয়া ক্ষোভ’ বলে উড়িয়ে দিয়েছিল, পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয় এবং একজন কর্মীকে এর জন্য দায়ী করা হয়। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ভিডিওর ওই আপত্তিকর অংশটি দেখেননি এবং এর জন্য ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানিয়েছেন।

পডকাস্ট সাক্ষাৎকারে ওবামা বলেন, রাজনৈতিক আলোচনার স্তর বর্তমানে যে পর্যায়ে নেমে গেছে তা আগে কখনো দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, বর্ণবাদী আক্রমণ বা বিভেদ সৃষ্টিকারী মন্তব্যগুলো অনেক সময় প্রচার পাওয়ার বা দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। 

তবে আশার কথা হিসেবে ওবামা জানান, যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণের সময় তিনি এমন অনেক মানুষের দেখা পান যারা এখনও সৌজন্যবোধ, দয়া এবং পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করেন। তার মতে, উচ্চপর্যায়ের ব্যক্তিদের মধ্যে পদের মর্যাদা রক্ষা এবং শিষ্টাচার বজায় রাখার যে বোধটি ছিল, তা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন