‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব
নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন, এ আলোচনা চলার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে ‘প্রধান বিচারপতি’ বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন।
আর মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে তিনি বলেছেন, রাষ্ট্রপতিই তাদের শপথ পড়াবেন।
শনিবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।
বৃহ্স্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফল ঘোষণায় বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শপথ অনুষ্ঠান
- শপথ পাঠ
- মন্ত্রিপরিষদ