সামাজিক মাধ্যম আসক্তি: অভিযোগ অস্বীকার ইনস্টাগ্রাম প্রধানের
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের ‘আসক্ত’ হওয়ার ধারণা সরাসরি অস্বীকার করলেন ইনস্টাগ্রাম প্রধান।
ক্যালিফোর্নিয়ায় গুরুত্বপূর্ণ এ মামলার বিচার চলাকালে স্বাক্ষ্য দেওয়ার জন্য ডাক পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটির সিইও অ্যাডাম মোসেরির।
বুধবার সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে মোসেরি বলেছেন, “আমি মনে করি চিকিৎসাবিজ্ঞানের ‘আসক্তি’ আর ‘সমস্যাময় ব্যবহারের’ মধ্যে পার্থক্য করতে পারাটা জরুরি।”
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, মনোবিজ্ঞানীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকে এখনও কোনো রোগ হিসেবে বিবেচনা করেন না। তবে গবেষকরা তরুণদের মধ্যে এ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নথিবদ্ধ করেছেন এবং বিশ্বজুড়ে এর আসক্তি তৈরির শঙ্কা নিয়ে উদ্বিগ্ন আইনপ্রণেতারা।
এমন বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়া প্রথম কোনো শীর্ষ নির্বাহী মোসেরি, যেখানে শত শত পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ মেটা, স্ন্যাপ, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে।
তাদের অভিযোগ, এসব কোম্পানি জেনেশুনে এমন সব আসক্তি তৈরিকরা অ্যাপ বানিয়েছে, যা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এ প্রাথমিক বিচারটি মূলত ২০ বছর বয়সী এক তরুণীকে কেন্দ্র করে, যাকে ‘কেজিএম’ নামে চিহ্নিত করা হচ্ছে।