সকাল থেকেই কেন্দ্রে ভোটাররা, ভোট দিলেন ফখরুল–শফিকুর–পরওয়ার–নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে।
২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
প্রথম আলোর প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, সকাল থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন।
ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করেন, তারপর ভোট দেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম ভোট দিয়েছেন
ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ আসেন তিনি।
গোলাম পরওয়ার ভোট দিলেন
পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভোটকেন্দ্রে মাকে জড়িয়ে ধরেন মিয়া গোলাম পরওয়ার।
ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।