ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপি নেতা (বহিষ্কৃত) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিদ্ধান্তের জন্য নির্বাচনের পর সময় নির্ধারণ করেছে।
আজ বুধবার কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে তিনি সশরীরে হাজির হয়ে এ জবাব দাখিল করেন।
এর আগে গতকাল মঙ্গলবার তাফরিমা তাবাসুম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মুন্সীকে আজ বেলা আড়াইটার মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ জানান, তাঁর মক্কেল একজন বয়োজ্যেষ্ঠ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। অভিযোগে উত্থাপিত বক্তব্য তিনি দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর বা তাঁর সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি।