ভারত-ফ্রান্স ছাড়াও আরও ৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না
বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ পেয়েও ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ছয়টি দেশ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এ ছাড়া দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না।
নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে ইসির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ) নামক সংস্থা থেকেও কোনো জবাব আসেনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্বাচন পর্যবেক্ষণে আসছেন প্রায় ৬০ জন অতিথি। ইতোমধ্যে তাদের কেউ কেউ ঢাকায় এসেছেন। বাকিদের শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৯-১৩ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায় তাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।