ভোটের আগমুহূর্তেও উদ্বেগ বাড়াচ্ছে উদ্ধার না হওয়া অস্ত্র
ভোটের বাকি আর ৪৮ ঘণ্টারও কম। এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে অবৈধ অস্ত্র-গোলাবারুদ। ২০২৪ সালের আগস্টে লুট হওয়া পুলিশের বিপুল সংখ্যক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ভোটের আগমুহূর্তে ও পরে এসব অস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মি. মি. পিস্তল ও দুটি ৭.৬৫ মি. মি. পিস্তল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নির্বাচন টার্গেট করে এসব অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।
গত শুক্রবার রাজধানী বাড্ডার একটি বাসা থেকে ১১টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। এসময় আটক ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে তথ্য দেয় পুলিশ। একইদিন যাত্রাবাড়ীর ধলপুরে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার ফরিদপুরে পুকুর সেচে সাতটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশজুড়ে এমন অস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে সামনে সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে এমন ঘটনাকে নির্বাচনি ‘টুকটাক’ ঘটনা বলে মন্তব্য করে পুলিশ।