বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাবে সরকার: নৌপরিবহন উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। তবে ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে। বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চায়। প্রয়োজন হলে নির্বাচনের পরও নেগোসিয়েশন চলবে।
সাখাওয়াত হোসেন বলেন, আর কয়েকদিন পরে রোজা। আমরা প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি। বহির্নোঙরে পড়ে আছে ছোলা, ডাল ও তেল। ১৮ কোটি মানুষকে তারা (ধর্মঘটকারীরা) জিম্মি করেছে। এটা চলতে দেওয়া যায় না। সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।