আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। সব মিলিয়ে তাই বিশ্বকাপ শুরু হলেও জটিলতা দূর হয়নি। এরই মধ্যে এবার জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ওই জরুরি বৈঠকে অংশ নেবেন বুলবুল। এ জন্য গতকাল দিবাগত রাত ১টার দিকে লাহোর গেছেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বর্জনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শেষ পর্যন্ত বর্জনের পথে না হাঁটলেও ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।