ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান
রাজধানী ঢাকায় ৬টি নির্বাচনি আসনের জনসভায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও, আগামীকাল তিনি ঢাকায় নিজ নির্বাচনি এলাকাসহ আরও ৮টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি এ সময় জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন। রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনের জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোরেল স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।