হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি।
তিনি বলেছেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে উঠব না।”
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
মাসুমা হাদি বলেন, তারা ভাইকে হত্যার বিচারের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইনকিলাব মঞ্চের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করতে গেলেও পুলিশের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে যদি দেশের প্রশাসনের অবস্থা এমন হয় তাহলে সেই প্রশাসন দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা হবে। ”
জাতিসংঘে অধীনে ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “ওসমান হাদির বাংলাদেশ গড়তে হবে। এই রাষ্ট্রে ভারতের দাসত্ব মানব না। সামনে নির্বাচনে যারা ভারতকে পুঁজি করে ক্ষমতায় আসতে চায় তাদের ভোটের মাধ্যমে জবাব দিব।”