‘প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব কীভাবে?’ রয়টার্সকে তারেক রহমান

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭

আসন্ন নির্বাচনের পর জাতীয় সরকার গঠনে জামায়াতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, তার দল এককভাবে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফিরেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি দেশে ফেরেন।


রয়টার্সের প্রতিবেদনে লেখা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন সামনে রেখে জামায়াত জানিয়েছিল, তারা একটি জাতীয় বা ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী, যা দেশের স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে। বিশেষ করে ২০২৪ সালে কয়েক মাসের অস্থিরতায় দেশের পোশাকশিল্পে যে বড় ধরনের ছন্দপতন ঘটেছে, তা কাটিয়ে উঠতে এমন একটি সরকার প্রয়োজন বলে মনে করে দলটি।


নিজের দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াতের এই প্রস্তাব নাকচ করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে?’


নিজের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবির নিচে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমি জানি না তারা (জামায়াত) কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দলে থাকে, তাহলে আমি আশা করব, তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাব।’


তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ের ব্যাপারে বিএনপি আত্মবিশ্বাসী। দলটির মিত্ররা বাকি আসনগুলোতে লড়লেও বিএনপি একাই ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে।


কতটি আসনে জয়ের আশা করছেন—এমন সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন আমরা পাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও