ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিন ‘ফলপ্রসূ’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিন ‘ফলপ্রসূ’ ছিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা।
বৈঠকে কিয়েভের পক্ষে প্রধান আলোচক রুস্তেম উমেরভ গতকাল বুধবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানান।
তবে এ শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় সংঘাত।
ত্রিপক্ষীয় এ বৈঠক দুই দিন চলবে। বৈঠক শুরুর আগের দিন গত মঙ্গলবার ইউক্রেনে রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
এ হামলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছিলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-সমর্থিত সংক্ষিপ্ত যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে রাশিয়া প্রচুর গোলাবারুদ মজুত করেছে।
গতকালের বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রুস্তেম উমেরভ বলেন, ‘কাজটি ছিল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ; আলোচনার কেন্দ্র ছিল নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ও বাস্তবসম্মত সমাধান।’
রুস্তেম উমেরভ ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শান্তি আলোচনা
- ইউক্রেন সংকট