ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এর মধ্যে জিমেইল, ফেসবুকসহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।
তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি বড় ধরনের হ্যাক নয়। বরং ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ম্যালওয়্যারের মাধ্যমে ধীরে ধীরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
কীভাবে ফাঁস হলো তথ্য
সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি ৯৬ গিগাবাইটের ডাটাবেজ খুঁজে পান। ডাটাবেজটি ছিল পুরোপুরি উন্মুক্ত। কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছিল না। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এটি দেখতে পারত।
ডাটাবেজটিতে ছিল ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক। অর্থাৎ সাইবার অপরাধীদের জন্য এটি ছিল এক ধরনের প্রস্তুত তালিকা।
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে- জিমেইল ৪৮ মিলিয়ন, ফেসবুক ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল ৪ মিলিয়ন, নেটফ্লিক্স ৩.৪ মিলিয়ন, আউটলুক ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল ৯ লাখ, টিকটক ৭.৮ লাখ।