যুক্তরাষ্ট্র ‘কর্তৃত্ববাদী’ শাসনের দিকে ঝুঁকছে: হিউম্যান রাইটস ওয়াচ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী দেশে পরিণত করছেন বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।
নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটি বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর মানবাধিকার পরিস্থিতির অবনতি আরও ত্বরান্বিত হয়েছে। রাশিয়া ও চীনের কারণে মানবাধিকার পরিস্থিতি আগে থেকেই চাপের মুখে ছিল। এইচআরডাব্লিউ বলেছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম-নির্ভর বিশ্বব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে গণতন্ত্র গত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিষয়ে বলা হয়েছে, ট্রাম্প মানবাধিকারের প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছেন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) মুখোশধারী ও সশস্ত্র এজেন্টরা শত শত সহিংস ও নিপীড়নমূলক অভিযান চালিয়েছে, যা আগে যুক্তরাষ্ট্রের জন্য অকল্পনীয় ছিল।
প্রতিবেদনে বলা হয়, ‘বর্ণ ও জাতিগত দোষারোপ, ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল গার্ড মোতায়েন, রাজনৈতিক শত্রু ও সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ এবং নির্বাহী ক্ষমতা বাড়িয়ে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা—এসব থেকে সুস্পষ্ট বোঝা যায় যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা কর্তৃত্ববাদের দিকে মোড় নিচ্ছে।’