রংপুরের ৬ আসন: জাপার ‘দুর্গে’ এবার বিএনপি-জামায়াত দ্বৈরথ?
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রংপুরের ছয়টি আসনের ভোটের মাঠ। লড়াইয়ে আছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী।
জাতীয় পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত এ জেলায় আওয়ামী লীগের দাপটে দলটির অবস্থান অনেকটাই নড়বড়ে। সেখানে এবার বিএনপি ও জামায়াতে ইসলামীর লড়াই দেখা যাবে?
ভোটাররা বলছেন, আওয়ামী লীগ না থাকায় ছয়টি আসনে কোথাও জাতীয় পার্টি, জামায়াত ও বিএনপির মধ্যে ত্রিমুখী, কোথাও দ্বিমুখী লড়াই হবে।
তবে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে ও পরবর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষাপেট এবারের নির্বাচনে জামায়াত দুটি আসনে তাদের সুস্পষ্ট অবস্থান জানান দিচ্ছে; যা আগে কখনও দেখা যায়নি।
এর একটি সীমান্তবর্তী রংপুর-১ আসন, যা গংগাচড়া উপজেলা নিয়ে গঠিত। অপরটি মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর-৫ আসন।
রংপুর-৩ সদর আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচন করছেন। তাকে বিএনপি প্রার্থীকে মোকাবিলা করতে হবে।
প্রায় চার দশক ধরে আসনটি প্রয়াত স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ পরিবারের হাতে থাকায় অনেকে একে ‘জাতীয় পার্টির আসন’ বলেও অভিহিত করে থাকেন।
জি এম কাদের ধারাবাহিকতা রক্ষার সর্বোচ্চ চেষ্টাই করবেন বলে মনে করছেন ভোটাররা।