হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা কি মেটা পড়তে পারে?
হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড বার্তা ‘মেটা পড়তে পারে’, এমন অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করেছে।
গত সপ্তাহে করা একটি মামলার সূত্র ধরে বিষয়টি সামনে এল। ওই মামলায় অভিযোগ রয়েছে, মেটা “প্রায় সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথাকথিত ‘প্রাইভেট’ যোগাযোগে প্রবেশাধিকার রাখতে পারে”।
এ নিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদন অবশ্য বলছে, মেটা অভিযোগটি অস্বীকার করেছে এবং একে “একেবারেই মিথ্যা ও হাস্যকর” বলে উল্লেখ করেছে।
মেটার দাবি, মামলাটি করাই হয়েছে ইসরায়েলভিত্তিক স্পাইওয়্যার নির্মাতা কোম্পানি এনএসও গ্রুপকে সমর্থনের অংশ হিসাবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের করা মামলায় এনএসও গ্রুপ হেরে গেছে।
মেটার বিরুদ্ধে মামলাটি করেছে আইন ফার্ম কুইন ইমানুয়েল উর্কহার্ট অ্যান্ড সালিভান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ‘সাহসী’ হুইসেলব্লোয়ারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এ অভিযোগ তুলেছে।
আলাদা একটি মামলায় একই আইন ফার্ম এনএসও গ্রুপের পক্ষে আপিলে সহায়তা করছে। ওই মামলায় গত বছর যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে এক হাজার চারশর বেশি ব্যবহারকারীর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের শর্ত ভঙ্গের দায়ে এনএসও গ্রুপকে ১৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বার্তা
- তথ্য এনক্রিপ্ট
- হোয়াটসঅ্যাপ