You have reached your daily news limit

Please log in to continue


‘সাবধান হন’—ভুয়া আইডির বিরুদ্ধে মৌয়ের কড়া হুঁশিয়ারি

ফেসবুকে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ তুলেছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ। এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তাঁর পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি তাঁর। বিষয়টি নিয়ে চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সাদিয়া ইসলাম মৌ স্পষ্ট করে জানিয়েছেন, ফেসবুকে তাঁর একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তাঁর কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ।’

তিনি আরও বলেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা–ই হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন