বিশ্বকাপের সময়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

এনটিভি প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় মাঠের ব্যস্ততা নেই জাতীয় দলের ক্রিকেটারদের। তবে, থেমে থাকার সুযোগ নেই তাদের। এই সময়ে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে এবং মাঠের লড়াইয়ে ঝালিয়ে নিতে নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন টুর্নামেন্ট আয়োজন করার কথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামের নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট।


দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট তিনটি দল- ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধুমকেতুকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশ অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দুরন্ত একাদশের ভার থাকছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির কাঁধে।


খেলোয়াড়দের পাশাপাশি কোচিং বিভাগেও রাখা হয়েছে অভিজ্ঞদের। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন আর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। হান্নান সরকার ও রাজিন সালেহ সামলাবেন দুরন্ত একাদশের কোচিং।


আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সন্ধ্যা ৬টায় খেলা শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই আসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও