ঘাড়ব্যথা এখন আর বয়সভিত্তিক সমস্যা নয়। মুঠোফোন, কম্পিউটার, দীর্ঘ সময় গাড়িতে বা বিমানে যাতায়াত, যানজট—সব মিলিয়ে অল্প বয়স থেকেই অনেক মানুষ ঘাড়ব্যথায় ভুগছেন। এই ব্যথা কমাতে অনেকে নিজের ইচ্ছেমতো সফট সার্ভিক্যাল কলার বা গাড়িতে ব্যবহৃত নেক পিলো ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হলো, সব ঘাড়ব্যথায় কি এগুলো দরকার? ভুলভাবে ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে?
কলার কী, কখন প্রয়োজন
সফট সার্ভিক্যাল কলার হলো নরম ফোমের তৈরি একটি বস্তু, যা ঘাড়ে পরানো হয়। এটি ঘাড়ের নড়াচড়া কিছুটা কমিয়ে মাংসপেশিকে সাময়িক বিশ্রাম দেয়। হঠাৎ তীব্র ঘাড়ব্যথা, ঘাড়ে প্রচণ্ড টান বা মাংসপেশির সংকোচন, দুর্ঘটনা বা হঠাৎ ঝাঁকুনির পর ডিস্ক সমস্যার তীব্র ব্যথার সময় আর চিকিৎসকের পরামর্শে এটি পরতে হয়।