You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের আগে নিষিদ্ধ হলেন বিপিএল খেলে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান

বিশ্বকাপের জন্য ১৮ ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কায় ক্যাম্প করছে যুক্তরাষ্ট্র দল। সেখানে আছেন অ্যারন জোন্স। বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলেও তার থাকার কথা ছিল প্রায় নিশ্চিতভাবেই। কিন্তু বিশ্বকাপ তো বহুদূর, ক্রিকেটের ধারেকাছে আপাতত থাকতে পারবেন না তিনি। ৩১ বছর বয়সী ব্যাটসম্যানকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে জোন্সের বিরুদ্ধে। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হয়ে ৫২ ওয়ানডে ও ৪৮ টি-টোয়েন্টি খেলেছেন জোন্স। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্মরণীয় সাফল্যে তার ছিল বড় অবদান। কানাডার বিপক্ষে ১০ ছক্কায় ৪০ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে করেছিলেন ২৬ বলে ৩৬।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট ও বিপিএলে। ২০২৩ বিপিএলে রংপুর রাইডার্সে ছিলেন তিনি, খেলেছেন একটি ম্যাচে। ২০২৪-২৫ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন আট ম্যাচ।

তার বিরুদ্ধে অভিযোগগুলো মূলত বারবাডোজে ২০২৩-২৪ বিম১০ টুর্নামেন্টের, যেটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আওতাধীন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত দুটি অভিযোগও আছে।

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে যে, জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলি “একটি বৃহত্তর তদন্তের অংশ, যেটির ফলে অংশগ্রহণকারী অন্যদের বিরুদ্ধে অভিযোগ জারি করা হতে পারে যথাসময়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন