কয়েক মাসের নিপুণ পরিকল্পনা অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ২ জানুয়ারি রাতের আঁধারে হামলা চালায় ভেনেজুয়েলায়। রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে এবং তাঁদের দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওই পদক্ষেপ আকস্মিক মনে হলেও সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের অন্যতম জটিল এই অভিযানের পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরেই। ছিল অভিযানের পুঙ্খানুপুঙ্খ মহড়াও।
সেনাবাহিনীর ডেলটা ফোর্সসহ মার্কিন এলিট সেনারা মাদুরোর ‘সেফ হাউস’ বা নিরাপদ বাসস্থলের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছিলেন। অত্যন্ত সুরক্ষিত সেই বাসভবনে তাঁরা কীভাবে প্রবেশ করবেন, তার অনুশীলনও চালিয়েছিলেন সেনারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি ছোট দল গত আগস্ট মাস থেকেই সেখানে অবস্থান করছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ট্রাম্প ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের ওই আগ্রাসনের চূড়ান্ত সবুজসংকেত দেন।