ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। সেনাবাহিনী এটি পর্যবেক্ষণ করছে এবং আমরা কিছু অত্যন্ত কঠোর পদক্ষেপের কথা ভাবছি। আমরা দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাব।’
তিনি আরও জানান, তাঁর সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছে এবং একটি ‘বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তবে তিনি যোগ করেন, ‘বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে।’ অর্থাৎ, তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন যে, যেকোনো সময় ইরানে হামলা হতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ