ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা শাহবাগ ছেড়ে দেন।
ইনকিলাব মঞ্চ বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তাঁরা আবার শাহবাগে অবস্থান করবেন।
শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে সকালে সরেজমিনে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তাঁরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ গতকাল শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করেছেন। সকালে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে জায়গা ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তখন প্রায় সবাই শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। কেউ কেউ রাস্তায় থাকা ময়লা পরিষ্কার করে দিচ্ছেন।