একসঙ্গে প্রথমবারের মতো থিম সং গাইলেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। তাঁরা গানটি গেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য। এই গানের শিরোনাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো।
গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘এই গান করাটা আমার জন্য আনন্দের। কারণ, বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছে। তারাই কিন্তু পরবর্তী সময়ে গৌরব বয়ে এনেছে। ভালো লাগছে তাদের জন্য গানটি করতে পেরে।’